ব্যক্তিগত ওয়েবসাইটে জনগণের নানা জিজ্ঞাসা ও সমালোচনার জবাব দিবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘www.hasanulhaqinu.info’ এ ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনগণ ও সরকারি কর্মকর্তাদের আরো কাছে নিয়ে আসতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তথ্যমন্ত্রী, মহাজোট, জাসদের সভাপতি হিসেবে বা সরকারের যে কোনো বিষয়ে প্রশ্ন ও সমালোচনার উত্তর দেয়া হবে এ ওয়েবসাইটের মাধ্যমে।
মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থাকলেও ব্যক্তিগত ওয়েবসাইট করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দাপ্তরিক বিষয় থাকে, অধিদপ্তরের তথ্য পাওয়া যায়। সার্বক্ষণিক জবাবদিহি ও স্বচ্ছ অবস্থান নিশ্চিত করতেই ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করেছেন তিনি। এই ওয়েবসাইটের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাসানুল হক ইনু জানান, বাংলা ও ইংরেজি- দুই সংস্করণের এই ওয়েবসাইটে যে কেউ প্রশ্ন করতে পারবেন। সমালোচনার পাশাপাশি দেওয়া যাবে পরামর্শ। প্রশ্নের উত্তর দেওয়া হবে, সমালোচনার উত্তর ও পরামর্শও গ্রহণ করা হবে। যদি উত্তর না দেওয়া হয় তাহলে প্রশ্নকারীকে ই-মেইলের মাধ্যমে তার পক্ষে যুক্তিও জানানো হবে। তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন হলে কোথায় তার উত্তর পাওয়া যাবে সেই লিংক বা কোথায় যোগাযোগ করতে হবে তা জানিয়ে দেওয়া হবে।
অপ্রীতিকর কোনো প্রশ্ন বা সমালোচনার জন্য আইনি ব্যবস্থা বা মামলা করা হবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রশ্ন ও সমালোচনাকারী যদি অপ্রীতিকর প্রশ্ন করেন তাহলেও তাকে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে এবং তারা কোনো প্রশাসনিক হয়রানির শিকার হবেন না। এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেন। মন্ত্রীর সম্মানিভাতা থেকে এখন ওয়েবসাইট পরিচালনার ব্যয় নির্বাহ করা হবে এবং মন্ত্রিত্ব শেষ হলে ব্যক্তিগতভাবে এর খরচ যোগাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারের যে কোনো বক্তব্য, তথ্যমন্ত্রীর বক্তব্য ও অনুষ্ঠানের সময় হালনাগাদ থাকবে বলেও জানান তিনি।
ওয়েবসাইটে হাসানুল হক ইনুর জীবনী, আলোকচিত্র, বিভিন্ন লেখা এবং তার বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদ রয়েছে বলে ওয়েবসাইট তৈরিতে জড়িতরা জানিয়েছেন। এই ওয়েবসাইটে কয়েকটি পেইজ রয়েছে। এগুলো হলো তথ্য, বক্তব্য, স্বপ্নচূড়া, গ্যালারি, জীবন, যোগাযোগ।
অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
