চট্টগ্রাম ওয়াসার উপসচিব মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে সংস্থার চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এছাড়া সোমবার অভিযুক্ত উপসচিব জাহাঙ্গীর আলমসহ আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়ছে তারা হলেন, চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী (সিভিল) ফারহানা জেবিন, এ্যাকাউন্ট এ্যাসিসটেন্ট আফসানা নূর, রাজস্ব কর্মকর্তা মীর হোসেন ও লিয়াকত আলী।
সূত্র আরও জানায়, চট্টগ্রাম ওয়াসার উপসচিব মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি, আন্তঃবদলি ও অন্যান্য উত্স থেকে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি নিয়োগ, পদোন্নতি ও আন্তঃবদলির উত্স থেকে ঘুষ গ্রহণ করেন। এ ছাড়া নিয়োগের ক্ষেত্রে তার নিজ উপজেলার অধিবাসীসহ চট্টগ্রাম জেলার লোকজনকে প্রাধান্য দেন বলে অভিযোগ রয়েছে।
