বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলায় তারেক রহমানকে লিগ্যাল নোটিস

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ২১:৩৫
 
 
 
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ও ‘রাষ্ট্রদ্রোহী’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে বলা হয়েছে— নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে তারেক রহমানকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি তা না করা হয়, তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী রবিবার এ নোটিস পাঠান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার ঠিকানায় এ নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়— হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদোহী, পাকবন্ধু এবং পাকিস্তানি নাগরিক হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান অমার্জনীয় অপরাধ করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর যুক্তরাজ্য শাখা বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘প্রকৃত ইতিহাস বলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। কিন্তু এ মামলা হওয়া উচিত শেখ মুজিবুর রহমানের নামে। কারণ, তিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। এ জন্য তাকে বঙ্গবন্ধু নয়, পাকবন্ধু বলা উচিত।’