বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত প্যানাসনিক ওপেনে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পঞ্চম হয়েছেন। চ্যাম্পিয়ন হন ভারতীয় গলফার এস.এস.পি. চৌরাশিয়া। তিনি পারের চেয়ে ১২ শট কম খেলেন। তার স্বদেশি রাজিল গাংজি ও শ্রীলঙ্কার মিঠুন পেরেরাও একই রকম কম শট খেলেছিলেন। পরে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হন চৌরাশিয়া।
সিদ্দিকুর প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পিছিয়ে থাকলেও পরের দুই রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে শিরোপার আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডে এসে তার স্বপ্ন ভেঙে যায়। এই রাউন্ডেই সবচেয়ে খারাপ করেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে যৌথভাবে পঞ্চম হন সিদ্দিকুর।
অথচ দিল্লি গলফ ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। কিন্তু রবিবার চতুর্থ রাউন্ডে ১৮টি হোলে পারের সমান শট খেলায় এগুতে পারেননি সিদ্দিকুর। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট, দ্বিতীয় রাউন্ডে পাঁচ শট ও প্রথম রাউন্ডে দুই শট কম খেলেছিলেন তিনি। অপরদিকে বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন এ আসরে যৌথভাবে ২৫তম হয়েছেন। বাসস
