পদত্যাগের দাবিতে তিন মন্ত্রীকে নোটিশ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ২২:১৪
 
মহাজোট সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। সংবিধান লংঘনের দায়ে ১৫ নভেম্বরের মধ্যে এ তিন মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। যদি তা না করা হয় তাহলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এরা হলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মন্ত্রী হওয়া সত্ব্বেও কোম্পানির পরিচালক হওয়ায় তাঁদেরকে এই নোটিশ পাঠানো হয়েছে। রবিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সচিবালয়ের ঠিকানায় জেড আই খান পান্নার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এই নোটিশ পাঠান।
শাহদীন মালিক বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকা অবস্থায় লাভজনক কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার কোনো বিধান নেই। কিন্তু যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা বিভিন্ন লাভজনক কোম্পানির পরিচালক পদে রয়েছেন, যা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এর ফলে তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকার অযোগ্য হয়ে পড়েছেন। এ কারণে ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের পদত্যাগ দাবি করে আইনি নোটিশ দেওয়া হয়েছে।