ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুন নেছা (৭০) উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
নিহতের ছেলে মকবুল হোসেন জানান, ‘বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলা নিয়ে তার আপন বড় ভাই বাবুলের ছেলে শাকিলের সঙ্গে সৎ ভাই জুবায়েদের ঝগড়া হয়। জুবায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুণ মাস্টারের ছেলে এবং স্থানীয় যুবলীগের নেতা।
এ নিয়ে হারুন মাস্টার আমাদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলার নির্দেশ দেয় জুবায়েদকে। পরে জুবায়েদের নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির গেইটে হামলা চালায়। এ সময় কামরুন নেছা গেইটের সামনে গেলে তাকে পেটানো হয়। পরে কামরুন নেছাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাতেই খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সোমবার দুপুর পর্যন্ত স্থানীয় সরকারী দলীয় লোকজন, গ্রামের প্রভাবশালীরা নিহতের পরিবারের লোকজনদের সঙ্গে আপোস করার জোর চেষ্টা চালায়।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক জানান, ‘ব্যাপারটা আমরা এলাকায় বসে সামাজিকভাবে সমাধান করে দিবো। থানায় গিয়ে কথা বলে এখন এলাকায় যাচ্ছি।’
আরও পড়ুনঃ অজ্ঞাত ভাইরাসে মৃত্যুর ঘটনায় ঠাকুরগাঁওয়ে মেডিকেল টিম: এলাকাবাসীকে মাস্ক পরে চলার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘পিটিয়ে হত্যার ঘটনা শোনার পর রাতেই লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছি।’
ইত্তেফাক/নূহু

