‘চীন-সিঙ্গাপুর-জার্মানিতে চলছে পদ্মা সেতুর কাজ’

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ০৯:৫৯

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। এখন আর এটা কোন স্বপ্ন নয়। সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে। শুধু দেশেই নয়, পদ্মা সেতুর কাজ চলছে এখন চীন, সিঙ্গাপুর ও জার্মানিতে। এসব দেশে সেতুর নির্মিত অংশগুলো জাহাজে করে এনে মাওয়ায় স্থাপন করা হবে। প্রটোকলবিহীন আকস্মিক সফরে গতকাল রবিবার মাওয়ায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে টেলিফোনে এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টেকনিশিয়ানসহ সেতু তৈরিতে দক্ষ শতাধিক চীনা নাগরিক পদ্মা মাওয়া সেতুর কাজে ব্যস্ত রয়েছে। মাটি পরীক্ষার কাজ দ্রুত এগিয়ে চলেছে। সব চলছে সিডিউল অনুযায়ী। সবকিছু মিলিয়ে ২০১৮ সালের মধ্যে এই সেতু চলাচলের উপযোগী হবে। তিনি আরো বলেন, সেতু নির্মাণের স্বার্থে মাওয়া ঘাট শিমুলিয়ায় স্থানান্তর হচ্ছে। আগামী মাসে ঘাটটি স্থানান্তর করা সম্ভব হবে।
মন্ত্রী সাধারণ মানুষের মতো মাওয়া পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাটি পরীক্ষার কাজ ঘুরে দেখেন। তিনি মাওয়া ঘাট এবং নতুন শিমুলিয়া ঘাটও পরিদর্শন করেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, সেতু মন্ত্রী আগমনের বিষয়টি ছিল একেবারেই আকস্মিক। অনেকেই মন্ত্রী চলে যাওয়ার পর জেনেছেন। লৌহজং থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনকালে তার সাথে সরকারের কোন কর্মকর্তা ছিলেন না এবং কোন প্রটোকল নেননি। এমনকি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাও ছিলেন না। মন্ত্রীর আগমনের বিষয়ে স্থানীয় প্রশাসনও অবগত ছিল না।