সবাই জানেন ভারতের তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে। কিন্তু আসল তথ্য হচ্ছে, শচীনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল পাকিস্তান দলের হয়ে, তাও আবার ভারতের বিপক্ষে! চমকপ্রদ এ তথ্য প্রকাশ করেছেন শচীন নিজেই। ১৯৮৭ সালে ভারতে গিয়েছিল পাকিস্তান। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ওই ম্যাচে ইমরান খানের দলের দ্বাদশ খেলোয়াড় হয়ে মাঠে নেমেছিলেন শচীন!
জাভেদ মিয়াঁদাদ ও আবদুল কাদির লাঞ্চের সময় মাঠ ছেড়ে উঠে যান। সে সময় শচীনকে মাঠে প্রক্সি ফিল্ডিং করতে বলা হয়। পাকিস্তান অধিনায়ক ইমরান খান তখন শচীনকে দাঁড় করান লং অনে। সে সময় শচীনের দিকেই আকাশে ভাসিয়ে শট খেলেন কপিল দেব। ১৫ মিটারের দৌঁড়ে বলের দিকে এগিয়েছিলেনও শচীন, তবে সময়মতো পৌঁছতে পারেননি।
আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে সেদিনের ঘটনার কথা লিখে উল্লেখ করেছেন, ‘পরে একদিন এক বন্ধুকে বলেছিলাম, লং অনের বদলে মিড অনে থাকলে ক্যাচটা আমি ধরে ফেলতে পারতাম।’ তবে ঘটনাটি শচীনের মনে থাকলেও অন্যদের মনে আছে কি-না তা নিয়ে সন্দিহান মাস্টার ব্যাটসম্যান, ‘জানি না, আমি যে পাকিস্তানের হয়ে একবার ফিল্ডিংয়ে নেমেছিলাম সে কথা ইমরানের খানের স্মরণে আছে কি-না।’ -টাইমস অব ইন্ডিয়া।
