৩ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা: শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৭:৪৯




আগামী তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরেও জেন্ডার সমতা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  সোমবার জাপানের নাগোয়ায় ‘শিক্ষার টেকসই উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী ইউনেস্কো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষায় বাংলাদেশের সাফল্য ও অগ্রগতির নানাদিক তুলে ধরে বক্তৃতাকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইউনেস্কো ও জাপান সরকার আয়োজিত এ সম্মেলনে শিক্ষামন্ত্রী এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে বক্তৃতা দেন।
সম্মেলনে জাতিসংঘের রাষ্ট্রসমূহের সহস্রাধিক মন্ত্রী, উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠক ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে মন্ত্রী বাংলাদেশের ৫ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা ২০১২ সালেই অর্জিত হয়েছে।
শিক্ষায় গত ছয় বছরে নানা অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে প্রাথমিকে ভর্তির হার ৯৯ শতাংশের উপরে।
মন্ত্রী বলেন, গত ছয় বছর ধরে পয়লা জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে। ২০১৫ সালের পয়লা জানুয়ারিও প্রায় চার কোটি ৪৫ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে।
তিনি উপবৃত্তি প্রদান, আইটি প্রযুক্তির সম্প্রসারণ, শিক্ষাক্রম যুগোপযোগীকরণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তার বাংলাদেশের শিক্ষাকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে বলে উল্লেখ করেন।
তিনি অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে বিশ্বসম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
জাপানের রাজকুমার নারোহিতো তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। মরক্কোর রাজকুমারী লাল্লা হাসনা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হাকুবুন শিমোমুরা, ওমানের শিক্ষামন্ত্রী মিজ্ মাদিহা আহমেদ আল শাইবানি ও ইউনেস্কো’র মহাপরিচালক মিজ্ ইরিনা বেকোভা বক্তৃতা করেন।