মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিটের সুপারিশ

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৮:৫১
 
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডের প্লট বরাদ্দে অনিয়মের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী কর্মকর্তা।
সোমবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় কমিশনে এ সুপারিশ প্রতিবেদন জমা দেন। 
দুদক সূত্র জানিয়েছে, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে  মিরপুর ১৪ ইসিবি চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।
ওই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, ক্যাশিয়ার মো. মনছুর আলম, হিসাব সহকারী মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
সোমবার তদন্ত কর্মকর্তা মামলার র্চাজশীট প্রদানের জন্য কমিশনে একটি প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদনে মামলার আসামী চারজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের অনুমতি চাওয়া হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।