নিয়োগ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব মো. জাহাঙ্গীর আলমসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম, ওয়াসার পাম্পচালক মঈন উদ্দিন, স্টোর কিপার এ কে এম সাইফুদ্দিন চৌধুরী ও সহকারী পাম্পচালক মো. তারেক উদ্দিন চৌধুরী।
সূত্র আরও জানায়, চট্টগ্রাম ওয়াসার উপসচিব মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি, আন্তঃবদলি ও অন্যান্য উত্স থেকে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি নিয়োগ, পদোন্নতি ও আন্তঃবদলির উত্স থেকে ঘুষ গ্রহণ করেন। এ ছাড়া নিয়োগের ক্ষেত্রে তার নিজ উপজেলার অধিবাসীসহ চট্টগ্রাম জেলার লোকজনকে প্রাধান্য দেন বলে অভিযোগ রয়েছে।
