ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। গতকাল সোমবার ডিএসইএক্স নেমে এসেছে ৪ হাজার ৯১৪ পয়েন্টে।
সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছিল, সেসব কোম্পানির শেয়ার বিক্রি করে বিনিয়োগাকারীরা মুনাফা তুলে নিতে চাইছেন। এজন্য গত কয়েকদিন ধরেই বাজারে বিক্রির চাপ বেড়েছে। ফলে সার্বিক মূল্য সূচক কমতে শুরু করেছে। তবে এতে বাজারের উপর আস্থা হারানোর কিছু নেই।
তারা বলছেন, বাজারে সূচক কমলেও প্রতিদিনই লেনদেন হওয়া প্রায় অর্ধেক কোম্পানির দর আগের দিনের তুলনায় বাড়ছে। কিন্তু বড় মূলধনী কোম্পানিগুলোর দর পতনের ফলে সার্বিক সূচক কমে যাচ্ছে।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭০৯ কোটি ৭৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪৭ কোটি ৯৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪২ লাখ টাকা।
লেনদেনকৃত ২১৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬১টির কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত এটলাস বাংলা কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ। রেকর্ড ডেট ২৭ নভেম্বর। ইস্টার্ন লুব্রিকেন্টস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। পদ্মা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ ভাগ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। রেকর্ড ডেট ২২ নভেম্বর। অলিম্পিক ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থ বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩৫ শতাংশ স্টক লভ্যাং দেয়ার সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ নভেম্বর।