দুর্নীতি-অর্থ পাচার রোধে জি-২০ নেতৃত্বের প্রতি আহ্বান

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ২০:৫৫
 
দুর্নীতি ও অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জি-২০ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রাক্কালে এক যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে সংস্থাদ্বয়ের পক্ষ থেকে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় দুর্বলতা ও নজরদারির ঘাটতির কারণে বিপুল পরিমাণ অর্থসম্পদ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে বিনা বাধায় পাচার হয়ে যায়। এর ফলে চূড়ান্ত বিবেচনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সাধারণ মানুষ। জি-২০ নেতৃত্বকে উন্নয়নশীল জনগণের এই অর্থ পাচার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।