কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ০০:১৩

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে ঢাকার কয়েকজন সাংবাদিকের সঙ্গে টেলিকনফারেন্সে এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ।

তিনি বলেন, স্বচ্ছ বিচারিক মানদণ্ড বজায় রাখতে এখন পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরো অনেক কিছু করতে পারে। দ্রুততম সময়ের মধ্যে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে এমন খবরে উদ্বেগ প্রকাশ করে র্যাপ বলেন, এসব বাধ্যবাধকতা পূরণ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা ঠিক হবে না। কারণ এটি পরিবর্তনযোগ্য নয়।
স্টিফেন র্যাপ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তবে ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার প্রক্রিয়া অবশ্যই ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ হতে হবে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদসহ আন্তর্জাতিক চুক্তিগুলো অনুসমর্থনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার যে অঙ্গীকার বাংলাদেশ করেছে তাও পূরণ করতে হবে। তিনি আরো বলেন, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এর খুঁটিনাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বাড়তে থাকে। তাই বিচারক এবং দণ্ড মওকুফের ক্ষমতাধারী কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ডের রায় দেয়া ও তা কার্যকরের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এখন পর্যন্ত পাঁচ বার বাংলাদেশ সফর করেছেন স্টিফেন জে র্যাপ। সফরের সময় একাত্তরের মানবতাবিরোধী বিচারের ব্যাপারে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করার জোরালো দাবি জানান তিনি।