ক্লাসে পড়া না পারায়..

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ০০:২০

পড়া না পারায় শিক্ষিকা ছাত্রকে দেয়ালে মাথা ঠুকে এমন ‘শিক্ষা’ দিলেন যে কেবল স্কুল থেকে নয়, সে চলে গেল পৃথিবী থেকেই। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের নলগোণ্ডা জেলার তিরুমালাগিরি গ্রামে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষিকাকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে হাজার হাজার লোক মিছিল করেছে। একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ত ছয় বছর বয়সী চান্দু।  শনিবার ক্লাসে ইংরেজি পড়া করতে পারেনি সে। রেগে গিয়ে ক্লাস টিচার সুমন্থি তার মাথা কয়েকবার দেয়ালে ঠুকে দেন। এতে গুরুতর আহত হয় চান্দু। হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। মাথায় বারবার আঘাতের ফলে ছেলেটির মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। কেবল অভিযুক্ত শিক্ষিকা নয়, এখন এলাকাবাসী স্কুলের প্রিন্সিপালেরও গ্রেফতার দাবিতে বিক্ষোভ শুরু করেছে। -ইউপিআই