সোহাগপুরে হত্যার ঘটনায় আমার পিতা জড়িত ছিলেন না

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ০০:২২

একাত্তরে সোহাগপুরে নির্বিচারে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা এম কামারুজ্জামানের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তার বড় ছেলে হাসান ইকবাল। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যার সঙ্গে আমার পিতা কামারুজ্জামানকে জড়িয়ে ইতিহাসের কোন বই বা ডকুমেন্ট নেই। রাজনৈতিক কারনে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।

হাসান ইকবাল বলেন, আমার পিতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। তিনি কখনো সোহাগপুরে যাননি। এমনকি মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের দায়েরকৃত অভিযোগপত্রেও সোহাগপুর গণহত্যার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এমন অভিযোগ করা হয়নি। আশা করছি আপিল বিভাগ এই মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করে আমার পিতাকে বেকসুর খালাস দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।