ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখতে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের আসার ব্যাপারে ভারত সরকার চিঠি দেয়ার পর বাংলাদেশ এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। সোমবার সচিবালয়ে তার নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসার জন্য অনুমতি চেয়ে চিঠি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ চিঠি দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রবিবার হাই-কমিশনার ফোন করেছিলেন, নীতিগতভাবে তাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। তাদের (ভারত) আইজিও আসছেন। যে যে জায়গায় সহযোগিতা চাইবেন, দেবো। পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি এখনও পায়নি বলেও জানান তিনি। এদিকে ডিবি ও র্যাব ভাল কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি সংগঠক রহমতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। ভারতকে সহযোগিতার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, দৃশ্যমান এবং অদৃশ্য অনেক কিছু নিয়েই আমরা কাজ করছি। তাদের (ভারত) যা সংগ্রহে আছে, তা আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা সহযোগিতা করতে পারবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি বিষয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ ও তাদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের দৃশ্যমান ও অদৃশ্যমান-দুই ধরনের নিরাপত্তাই দেয়া হয়। বর্ধমানের ঘটনার বিষয়ে কোনো অফিসিয়াল প্রতিবেদন পাননি বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, কলকাতা প্রতিনিধি জানান, ৭ সদস্যের এনআইএ দলে কলকাতা এনআইএ’র এসপি সনজিত শিং গত রবিবার দিল্লীতে গেছেন। তিনিসহ ৭ সদস্যের ঐ প্রতিনিধি দল সোমবার অথবা মঙ্গলবার ঢাকায় পৌঁছার কথা।
