পাকিস্তানের স্কুলগুলোর একটি সমিতি ‘মালালাবিরোধী’ দিবস পালন করেছে। সোমবার ‘আই অ্যাম নট মালালা’ শীর্ষক দিবসটি বেসরকারি স্কুলের সংগঠন ‘অল পাকিস্তানি প্রাইভেট স্কুলস ফেডারেশন’ পালন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত লেখক সালমান রুশদিকে সমর্থন করার অভিযোগ তুলে এই দিবসটি পালন করা হয়।
গত বছর মালালার ‘আই এম মালালা’ বইটি সদস্যদের কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সংগঠনটি। সংগঠনটির মতে, ঐ বইয়ে পাকিস্তান ও ইসলামবিরোধী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি আরো অভিযোগ করেছে, ব্রিটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বর সহযোগিতায় লেখা ঐ বইয়ে সালমান রুশদীর পক্ষপাতিত্ব করা হয়েছে।
‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইয়ে সালমান রুশদী ইসলাম ও মুহম্মদ (স) নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। এরপর থেকেই তিনি ইরানের ফতোয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
চলতি বছর ভারতের কৈলাশ সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তি পুরস্কার পেয়েছেন ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাই।
