সড়কে আনফিট যান-চালক থাকবে না : ওবায়দুল কাদের

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৭:১৯
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে আর কোন আনফিট যানবাহন কিংবা আনফিট ড্রাইভার, কোনটিই থাকতে পারবে না। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত বাস টাটা এলপি-৯০৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
ওবায়দুল কাদের বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এবার সারাদেশে একযোগে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান তো আছেই। এবার আমি নিজে থেকেই সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্যোগ নেব।
অভিযানের কারণে রাজধানীতে যানবাহনের সংকট দেখা দেয়ায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বড় কিছু অর্জন করতে গেলে ছোটখাটো ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। এজন্য তিনি সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
ওবায়দুল কাদের নাটোরের ভয়াবহ বাস দুর্ঘটনার উল্লেখ করে বলেন, ফিটনেসবিহীন যান এবং আনফিট ড্রাইভার, এই দুটি কারণেই এতগুলো মূল্যবান প্রাণ ঝড়ে গেছে। এখানে রাস্তার কোন নির্মাণ ত্রুটি ছিল না।
তিনি ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেয়ার পর সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে নিটোল টাটাসহ আরো বড় বড় কোম্পানিগুলোকে ভালমানের পাবলিক ট্রান্সপোর্ট আমদানিতে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতাতপ নিয়ন্ত্রিত টাটা বাস সম্পর্কে নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ বলেন, প্রথমাবস্থায় ১০০ এসি মিনিবাস নামানো হয়েছে। এই গাড়ি বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ও আরামদায়ক বাস। যা বাংলাদেশের উত্তপ্ত আবহাওয়ায় মানুষের আরামদায়ক চলাচল নিশ্চিত করবে। এই এসি বাসগুলো রাজধানী এবং শহরতলী এলাকায় চলাচল করবে। 
নিটোল মটরর্সের কর্মকর্তারা জানান, এল পি ৯০৯ এই অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী এই এসি বাসে রয়েছে ৩৭৮৩ সিসি এবং ৯০ হর্স পাওয়ার ইঞ্জিন, ৩৬ জনের আরামদায়ক প্রশস্ত বসার ব্যবস্থা। এসির জন্য রয়েছে বিশেষভাবে তৈরি আলাদা ইঞ্জিন, জরুরি অবস্থায় বের হওয়ার জন্য জানালা এবং গ্লাস খোলার ব্যবস্থাও রয়েছে।