কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৭:৫১



সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী ম.খা.আলমগীরকে রাজাকার বলায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মানহানীর মামলায় আদাতল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশে দেন। গ্রেফতারি সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
পরপর ১৪ কার্য দিবস আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে পাকিস্তানী সেনাবাহিনীকে বিভিন্নভাবে সহযোগীতার কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী ম.খা আলমগীরকে রাজাকার আখ্যা দেন। 'রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়' এ মন্তব্যের জন্য রুহুল আমীন মজুমদার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত বছর ১৯ ফেব্রুয়ারি আদাতলে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করে। পরে এ মামলায় কাদের সিদ্দিকী জামিন নেন। এরপর ১৪টি তারিখ দিলেও তিনি আর আদালতে হাজির হননি। ফলে মঙ্গলবার তার জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতে উপস্থিত না হবার কারণ জানাতে নির্দেশ দেয়া হয়।