কাস্টম হাউসের সাবেক কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৮:২৬
 
পৃথক দুটি মামলায় চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক এপ্রেইজার মো. হাতেম আলীসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। দুটি মামলায় সাবেক এপ্রেইজার মো. হাতেম আলীর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
যাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন, সাবেক এপ্রেইজার মো. হাতেম আলী, হাতেম আলীর বাবা মো. রেজাউল হক, হাতেম আলীর স্ত্রী রাফেজা খানম ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়দরখালি গ্রামের মো. দেলোয়ার হোসেন।
দুদক সূত্র জানায়, ২০১১ সালের ১১ মে রাজধানীর রমনা মডেল থানায় দুদক তার বিরুদ্ধে দুটি মামলা (মামলা নং-২২ ও ২৩) দায়ের করে। প্রথম মামলার (মামলা নং-২২) জন্য অনুমোদনকৃত চার্জশিটে বলা হয়েছে, আসামি হাতেম আলী ৭৫ হাজার টাকা মূল্যের যে শেয়ার ক্রয় করেছেন তার কোনো বৈধ উত্স নেই এবং তার বাবা মো. রেজাউল হক এ অবৈধ সম্পদ বৈধ করার অসত্ উদ্দেশ্যে আয়কর নথিতে হাতেম আলীকে নাবালক ছেলে বলে উল্লেখ করেছেন।
দ্বিতীয় মামলায় (মামলা নং-২৩) হাতেম আলীর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অবৈধ সম্পদের বৈধতা দিতে সহায়তা করায় হাতেম আলীর স্ত্রী রাফেজা খানম ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়দরখালি গ্রামের মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দন্ডবিধি ১০৯ ধারায় ওই মামলা দুটির চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের উপ-পরিচালক মো. মোনায়েম হোসেন মামলা দুটির তদন্ত করেছেন।