সোনালী ব্যাংকের এজিএমসহ চার জনকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৮:৩১
 
সোনালী ব্যাংকের নয়টি শাখায় বিভিন্ন সময়ে প্রায় সাত হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা তদন্তে ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকসহ (এজিএম) চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক(এজিএম) মো. আজাদুল হক,সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মনজুর রহমান, এক্সিকিউটিভ অফিসার বিপ্লব ভূষণ বক্সি ও মো. আনিসুজ্জামান।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, গুলশান শাখা, বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখা, আগারগাঁও শাখা, সোনালী ব্যাংক লোকাল অফিস, চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখা, লালদীঘি করপোরেট অফিস এবং নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে সাত হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটে। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই নয়টি শাখায় পরিচালিত ব্যাংকের অভ্যন্তরীণ বিভিন্ন পরিদর্শন ও তদন্ত প্রতিবেদন থেকে অর্থ আত্মসাতের এসব তথ্য বেরিয়ে আসে।