৪ কোম্পানির রাইট আবেদন নাকচ বিএসইসির

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৯:০৪
 
 
 
পুঁজিবাজারে তালিকাভুক্তির পরই রাইট শেয়ার ছাড়ার আবেদন করায় তা নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫৩১তম সভায় চার কোম্পানির আবেদন নাকচ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস ও মোজাফফর হোসাইন স্পিনিং মিলস তালিকাভুক্ত হওয়ার পর এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড  মেডিক্যাল ডিভাইস পুনঃতালিকাভুক্ত হওয়ার পরই রাইট শেয়ার ইস্যুর আবেদন করে। বিএসইসি জানিয়েছে, তালিকাভুক্তির পর কোম্পানিগুলো রাইট শেয়ার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট সময় নেয়নি। ফলে বিষয়টি  কোম্পানি সম্পর্কে বিনিয়োগকারীদের অবহিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়নি। তাই বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের স্বার্থে এ কোম্পানিগুলোর রাইট শেয়ার ইস্যুর আবেদন বিবেচনা করেনি বিএসইসি।
বিএসইসি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) ইউনাইটেড পাওয়ার জেনারেশনকে মূলধন সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে। বিডিং প্রক্রিয়ায় নির্ধারিত দর অনুযায়ী কোম্পানিটি মূলধন সংগ্রহ করতে পারবে। কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতির আওতায় প্রতিটি শেয়ার ৭২ টাকা (প্রিমিয়াম ৬২ টাকাসহ) দরে ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছাড়তে পারবে। এর মধ্যে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, মিউচ্যুয়াল ফান্ড, প্রবাসী ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। বিএসইসি গত ১৬ ফেব্রুয়ারি এ কোম্পানিকে বিডিং এর অনুমোদন দেয়। বিডিংয়ে প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৬০ টাকা নির্ধারিত হয়, যা ছয়টি ক্যাটাগরির ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থিত হয়। পরবর্তী সময়ে ৬৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিডিংয়ে অংশগ্রহণের মাধ্যমে নির্দেশক মূল্য ৭২ টাকা নির্ধারিত হয়েছে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রেফারেন্স শেয়ারের দায়মোচন, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
এ দিকে, শর্ট সেল করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য এসআর ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসআর ক্যাপিটাল লিমিটেডে গত বছরের ১১ জুলাই থেকে ১৮ আগস্ট (৫ দিন) আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ার ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে মোট ২ লাখ ৬৮ হাজার ৭০০টি শেয়ার শর্ট সেল হয়।