নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বহিষ্কারের দাবিতে ছাত্রদলের বিদ্রোহী নেতারা মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রিয় অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বিকাল ৪ টায় বিক্ষোভ শেষে নেতারা বলেন, দলকে বাঁচাতে আমাদের যা করার প্রয়োজন আমরা তাই করব। ছাত্রদলের কমিটি বাতিল না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তবে রবিবার কিরোশগঞ্জ বেগম খালেদা জিয়ার সমাবেশ থাকায় বুধবার আমাদের কর্মসূচি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার আবারও আন্দোলন শুরু হবে। তারা বলেন, বিএনপির কিছু কিছু মহল আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে ভুল বুঝিয়ে আমাদের বহিষ্কার করিয়েছে।
এদিকে এ্যানী-টুকুর গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের যে সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল তারা বিএনপি কার্যালয়ে হাজির হয়ে ওই নোটিশের জবাব দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে।
রিজভী বলেন, তারা যথাসময়ে শোকজের জবাব দিয়েছে। এখন এ বিষয়ে দলের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন।
কারণ দর্শনোর জবাব দিয়ে ছাত্রদলের সাত নেতা কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেখানে আসেনন বহিষ্কৃক তিন নেতা। রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাত করেন তারা।
