ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১২৫তম জন্মদিনে বিরোধী দল কংগ্রেস ভারতের বাইরের ১৫টি রাজনৈতিক দল ও অভ্যন্তরীণ সমমনা দলগুলোকে আমন্ত্রণ জানালেও বাদ দিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। আগামী ১৪ নভেম্বর নেহেরুর ১২৫তম জন্মদিন উদযাপন করবে ভারত।
প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে আয়োজিত দুই দিনের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী, তার দল বিজেপি এবং বিজেপির সাথে জোটভুক্ত কোন দলকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রিত বিদেশি দলের মধ্যে রয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। ইতিমধ্যে অনেক বিশ্ব নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
সূত্র: এনডি টিভি
