বাগেরহাটে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৭:০৮
 
 
বাগেরহাটে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের নয়জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে বাগেরহাট-পিরোজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের মহিষপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, বুধবার দুপুরে বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সামনে একটি চাকা প্যাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় দেয়। এতে ঐ ভ্যানের চালক ও যাত্রী রাস্তার উপর পড়ে যায় এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের থাকা যাত্রীদের মধ্যে অন্তত নয়জন আহত হন। এরমধ্যে অজ্ঞাত ভ্যানযাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান এবং আহত ভ্যান চালককে পিরোজপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকেও মৃতবলে ঘোষণা করেন। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

পিরোজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় বিকালে এই প্রতিবেদককে বলেন, বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আহত মোট দশজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে অজ্ঞাত ৪৫ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে নয়জনকে ভর্তি করার পর চারজনকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।