উভয় শেয়ারবাজারে বুধবার সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। তিন কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ফের পাঁচ হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। আর দুই কার্যদিবস পর ডিএসইতে লেনদেন হয়েছে আট শ কোটি টাকার বেশি। ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ২৬ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭০ বেড়ে ৫ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ৩২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৭৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৪১ বেড়ে ১৫ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করেছে। লভ্যাংশ প্রদান করায় কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে আসে। বৃহস্পতিবার থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে। এ দিকে, শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। নির্ধারিত ব্যাংক শাখার পাশাপাশি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকেও আবেদন করা যাবে। কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে।
