জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বৃহস্পতিবার

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ২০:০৯



দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকাল চারটায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন।
 
অধিবেশন শুরুর আগে বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অনেকটা সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। তাই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনটি সর্বোচ্চ ১১ থেকে ১৩ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলের এই অধিবেশনের জন্য এ পর্যন্ত ১০টি বিল জমা পড়েছে। এর মধ্যে বিদুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) বিল পাসের অপেক্ষায় রাখা হয়েছে। এছাড়া দু’টি নতুন বিল উত্থাপন ও সাতটি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউট বিল-২০১৪ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন বিল-২০১৪ এই অধিবেশনে উত্থাপন হবে। আর কমিটিতে বিবেচনাধীন বিলগুলো হচ্ছে, দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (সংশোধন) বিল-২০১৪, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিল-২০১৪ এবং উপানুষ্ঠানিক শিক্ষা বিল-২০১৪। এছাড়া বিভিন্ন বিধিতে বেশকিছু নোটিশ ও প্রশ্ন জমা পড়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২৯ জানুয়ারি। শেষ হয় ১০ এপ্রিল। সংসদের দ্বিতীয় অধিবেশন ৩ জুন শুরু হয়ে শেষ হয় গত ৩ জুলাই। আর সংসদের তৃতীয় অধিবেশন ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর শেষ হয়। তৃতীয় অধিবেশনে মোট ১৪টি কার্যদিবসে সরকারি বিল জমা পড়ে ১৪টি। এর মধ্যে পাঁচটি সরকারি বিল পাস হয়। পাস হওয়া এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিল।