আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর ওপর যে রিট করা হয়েছে তা অপরিপক্ক এবং অসময়োপযোগী। এই সংশোধনী তো কার্যকর হয়নি। তাহলে রিট হয় কিভাবে?
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর স্মরণে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ষড়োশ সংশোধনীতে নতুন কিছু আনা হয়নি, শুধু ৭২ সালের গণপরিষদে যে বিধান ছিল তা ফিরিয়ে আনা হয়েছে। ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টকে আরও সমৃদ্ধশালী ও শক্তিশালী করা হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় নিয়ে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে অকারণ বাগাড়ম্বর হচ্ছে। এটা নিয়ে যে বাহাস, সেটার প্রয়োজন নেই। কারণ কামারুজ্জামানের ফাঁসির রায়ের রিভিউর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার উচ্চ আদালতের। তিনি সবাইকে এ বিষয়ে আগাম মন্তব্য না করার পরামর্শ দিয়ে বলেন, এটি নিয়ে তাত্ত্বিক কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই।
কামরুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রাণভিক্ষা চাইতে গেলে তো অতীত কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে প্রাণভিক্ষার আবেদন করতে হবে। কিন্তু তারা (জামায়াত) তাদের অতীত কৃতকর্মের জন্য কখনোই জাতির কাছে ক্ষমা চায়নি। এ জন্য এখনও জামায়াতের যুদ্ধাপরাধীরা যা বলেন, বর্তমান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তাই বলেন।
