‘‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিরেকে আজ কতিপয় তরুণ বেআইনীভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। যার ফলে শহীদ মিনারের ভাবমূর্তি ও পবিত্রতা বিনষ্ট হচ্ছে। শহীদ মিনারের মূল বেদিতে অবস্থানরত সকলকে অবিলম্বে শহীদ মিনার এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।’’ এমন একটি বক্তব্য বুধবার রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনারে মূল বেদিতে দুপুর পৌনে ২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করছে প্রায় দেড় শতাধিক আন্দোলরত ভর্তিচ্ছু শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়েই শহীদ মিনারে অবস্থান নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বিশেষভাবে উল্লেখ্য যে শহীদ মিনারে এ ধরনের কর্মসূচি পালনে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তাদের (শিক্ষার্থীরা) এই অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছে। হাইকোর্টের নির্দেশনায় সুষ্পষ্টভাবে বলা হয়েছে, মূল বেদিতে কোন রকমের মিটিং, মিছিল, পদচারণা, আমরণ ধর্মঘট করা থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেসপন্ডেন্টদিগকে নির্দেশ প্রদান করা হলো।”
রাত সাড়ে ৯টার দিকে প্রক্টর অধ্যাপক আমজাদ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টরিয়াল দল গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মৌখিকভাবে সতর্ক করে।
