দম্পতি বলতে আমরা সাধারণত স্বামী-স্ত্রীকেই বুঝে থাকি। কিন্তু এবারের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সম্মেলনে দম্পতির সংজ্ঞাটাকে একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সম্মেলনে বিশ্বের ক্ষমতাধর দুই রাষ্ট্রপ্রধানকে অদ্ভুত কিংবা অস্বাভাবিক দম্পতি হিসাবে আখ্যায়িত করা হয়। এরা হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেশ কিছুদিন ধরে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে মতবিরোধ চলে আসছে। দুই দেশ একে অপরের ওপর অবরোধও আরোপ করছে। ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও তারা নিজেদেরকে একে অপরের কাছ থেকে দূরে রাখতে পারেননি। বরং ইচ্ছা না থাকলেও কাছে আসতে হয়েছে তাদের। এই সপ্তাহটা তাদের দুইজনকে একই পথ মাড়াতে হবে। গত মঙ্গলবার তারা চীনের বেইজিংয়ে অ্যাপেক সম্মেলনে যোগ দিয়েছিলেন। এরপর তারা যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাপেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারাক ওবামা এবং পুতিনকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন। কিন্তু ওবামা ও পুতিন দুইজনের মুখে হাসি ছিল না। শি জিনপিংয়ের টেবিলের কাছে এসে তিনজনই থামলেন। পুতিন ওবামার পিঠে হাত রাখলেন। কিন্তু ওবামার পক্ষ থেকে সাড়া পেলেন সামান্যই। তাদের দুইজনের মধ্যে ১৫-২০ মিনিটের আলাপও হয়েছে। কিন্তু কোনা পক্ষই আলাপের বিস্তারিত প্রকাশ করেনি। - রয়টার্স
