সময়টা ছিল খুবই অল্প। কিন্তু এই অল্প সময়ে অদভুত কান্ড করে চীনে সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা চীনের ফার্স্ট লেডির গায়ে শাল জড়িয়ে দিয়ে এখনো উল্টো বেকায়দায় পুতিন!
গত মঙ্গলবারে ঘটনা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে (অ্যাপেক) যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে পুতিন। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলাপ করছিলেন। সামান্য দূরে আলাপ করছিলেন পুতিন এবং চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান। পুতিন কথা বলার সময় দেখলেন, লিউয়েন শীতে কাঁপছেন। স্বাভাবিকভাবে মায়া লাগলো পুতিনের! নিজের শালটা জড়িয়ে দিলেন লিউয়েনের গায়ে। লিউয়েন হয়তো সানন্দে সেটা গ্রহণ করেছিলেন। অনুষ্ঠানটি একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সমপ্রচার হচ্ছিল। সম্মেলনের এই অস্বাভাবিক মুহূর্তটি ধরা পড়লো ভিডিওতে। আর সঙ্গে সঙ্গে সেটা ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটে। ওই দিনটিও চীনাদের কাছে একটি বিশেষ দিন ছিল। ১১ নভেম্বরকে চীনের নাগরিকরা ভালবাসা দিবস হিসেবে পালন করে। অন্যদিকে পুতিন একাকি জীবন কাটাচ্ছেন। এছাড়া চীনের নারীদের কাছে পুতিনের জনপ্রিয়তাও রয়েছে। সরকার পরে এই ভিডিওটি সরিয়ে ফেলে। কারণ পুতিনের এই কর্মটি হাস্যচ্ছলে হলেও সেটা ভালভাবে নেয়নি চীনের জনগণ। চীনা সমাজে প্রকাশ্যে কুশল আদান-প্রদানের ব্যাপারে বাধা আছে। শাল জড়ানোর কাজটি কিন্তু পুতিনের এবারই প্রথম নয়। এর আগে জি-২০’র সম্মেলনে পুতিন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের গায়েও শাল জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। - বিবিসি
