লাডডু নামের খাবারটি অনেকেরই পছন্দ। এর স্বাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে পার্থক্যটা কেবল স্বাদেই নয়, আকারেও হতে পারে। ভারতের অন্ধ্রপ্রদেশে এক মিষ্টির দোকানের মালিক সেটাই দেখিয়েছেন। ৭ হাজার ৮৫৮ কেজির লাডডু তৈরি করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তার তৈরি লাডডু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।
অন্ধ্রপ্রদেশের ভক্তনজানিয়ার মিষ্টি দোকানের মালিক এস ভেনকাতেশ্বরা জানিয়েছেন, তার এই রেকর্ড এবারই প্রথম নয়। এর আগের তিনটি বছরও তিনি লাডডু বানিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। ২০১১ সালে ৫ হাজার ৫৭০ কেজি, ২০১২ সালে প্রায় ৬ হাজার ৬০০ কেজি এবং ২০১৩ সালে ৭ হাজার ১৩২ কেজি ওজনের লাডডু বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেন। ভেনকাতেশ্বরা জানিয়েছেন, তিনি স্কুলের গন্ডি হয়তো পার হতে পারেননি। কিন্তু মানুষের মধ্যে জনপ্রিয়তার বাধা পার হতে পেরেছেন মিষ্টি তৈরি করে। মিষ্টি বানিয়ে তিনি এখন ভারতের পরিচিত এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার দোকানে সর্বনিম্ন ৬০ কেজি থেকে ১ হাজার কেজি ওজনের লাডডু পাওয়া যায়। ১৯৪২ সালে তার বাবা মুরথি একটি ছোট হোটেল দেন এই স্থানে। ওই সময় কফি এবং টিফিন সামগ্রী বিক্রি করা হতো। সঙ্গে থাকতো মিষ্টি। এরপর তিনি এসে ১৯৭২ সালে হোটেলকে মিষ্টির দোকানে পরিণত করেন। তার দোকানের মিষ্টি ‘খাজা’ নামে ভারতে ব্যাপক পরিচিতি পায়। -এনডিটিভি
