সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৮:৪৬

সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।

এরআগে দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হয়।

এর আগে সংসদ সচিবালয় সূত্র জানায়, অনেকটা সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। তাই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনটি সর্বোচ্চ ১১ থেকে ১৩ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশনের জন্য এ পর্যন্ত ১০টি বিল জমা পড়েছে। এর মধ্যে বিদুত্ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) বিল পাসের অপেক্ষায় রাখা হয়েছে। এছাড়া দু’টি নতুন বিল উত্থাপন ও সাতটি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে।সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউট বিল-২০১৪ এবং বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন বিল-২০১৪ এই অধিবেশনে উত্থাপন হবে। আর কমিটিতে বিবেচনাধীন বিলগুলো হচ্ছে দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (সংশোধন) বিল-২০১৪, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিল-২০১৪ এবং উপানুষ্ঠানিক শিক্ষা বিল-২০১৪। এছাড়া বিভিন্ন বিধিতে বেশকিছু নোটিশ ও প্রশ্ন জমা পড়েছে।