পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) নেতা তাহিরুল কাদরির বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। টেলিভিশন ভবন ও পার্লামেন্ট ভবনে হামলার অভিযোগে গতকাল বুধবার এই পরোয়ানা জারি করা হয়। খবর ডন এর।
পাকিস্তানের দুর্নীতিবিরোধী আদালত দুই দলের দুই শীর্ষ নেতাসহ খাইবার পাখুতনওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক, পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি, দলটির নেতা আসাদ উমর এবং পিএটি নেতা রাহিক আব্বাসীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত সেপ্টেম্বরে এই দুই দলের কর্মীরা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা পার্লামেন্ট ভবনেও হামলা চালায়। পরে ইসলামাবাদের সচিবালয় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
