অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহে ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানিয়েছেন শিক্ষাবিদ, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
সাবেক কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত অধ্যাপকের মরদেহ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জিল্লুর রহমান সিদ্দিকীর কফিনে ফুল দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব দলীয় নেতাকর্মীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষে খালেকুজ্জামান, ওয়ার্কার্স পাটির পক্ষে সাংসদ ফজলে হোসেন বাদশাহ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয় জুনায়েদ সাকি প্রয়াত অধ্যাপককে শ্রদ্ধা জানান। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও আনিসুজ্জামানও শ্রদ্ধা নিবেদন করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও হাসান আরিফ জিল্লুর রহমান সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, ছায়ানট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিল্লুর রহমান সিদ্দিকীর জানাজা হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় বনানীতে।
জানা গেছে, বাদ আছর গুলশানের আজাদ মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে।
