সন্ত্রাস প্রতিরোধ করতে গ্রামবাসী শপথ নিলেন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ০৪:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ বুধবার এক সভায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কাজ না করার শপথ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর ধরে পাঁচ গ্রামের মানুষ স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছেন। সন্ত্রাসীরা বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের এনে মাদক ব্যবসা করছে। মাদক সেবন করে এলাকার যুবকেরা নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। নেশাগ্রস্ত যুবকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করছেন। এলাকায় কেউ নতুন বাড়িঘর ও শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করতে গেলে সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে লোকজনকে মারধর করা হয়। গত তিন মাসে পাঁচ গ্রামের ২১ জন সন্ত্রাসীদের হামলায় আহত হন।
লোকজনের অভিযোগ, গ্রামের মানুষ সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়লেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গত এক মাস আগে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা জানান, ‘গ্রামবাসীর অভিযোগ পেয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসী যেভাবে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শপথ নিয়েছেন তাতে ওই এলাকায় শান্তি ফিরে আসবে বলে আমি মনে করি।’
বুধবারের সভায় সাদিপুর ইউনিয়নের খিদিরপুর, বড়ভিটা, নাওরাভিটা নয়াপাড়া ও মইকুলি গ্রামের কয়েক হাজার মানুষ খিদিরপুর গ্রামে জড়ো হন। খিদিরপুর গ্রামের বাসিন্দা জাবেদ আলী মাতব্বরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ব্যবসায়ী রফিজ উদ্দিন ভুঁইয়া, জায়েদুল হক, গ্রামের বাসিন্দা শামসুদ্দিন শিকদার, মজিবুর রহমানসহ আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।