দেশান্তরী একাধিক শোবিজ তারকা !

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ১০:০৭

শোবিজের বর্তমান মন্দা অবস্থা বা ক্যারিয়ারের ব্যক্তিগত সংকটে এখন একাধিক তারকা-কলাকুশলীরাই দেশান্তরী হচ্ছেন। এর আগে আমেরিকায় বিয়ের খবর দিয়েছিলেন মডেল-অভিনেত্রী মোনালিসা। কিন্তু সেই বিয়ে-সংসার টেকেনি। ডিভোর্স ও এই সংক্রান্ত মামলা নিয়ে এখন তিনি নিউইয়র্কের একটি বাংলা চ্যানেলে চাকরি করছেন। দেশে নাটক ও মডেলিং-এ তরুণ প্রজন্মের ব্যস্ততায় মোনালিসা মাঝে একবার দেশে এসে আবারও নিউইয়র্কেই ঠাঁই নিয়েছেন।
তারও আগে চলচ্চিত্রের এক সময়ের দ্বিতীয় সারির নায়িকা শাহনূরও বর্তমানে আমেরিকাতেই নিজের ঠাঁই করে নেবার জন্য চেষ্টা করছেন। নিজের ব্যক্তিগত ক্যারিয়ার সংকট ও ব্যক্তিজীবনের জটিলতা থেকে মুক্তি পেতেই মূলত তারকাদের এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা গেছে।
এছাড়া এই তালিকায় অনেক আগেই টনি ডায়েস-প্রিয়া ডায়েস, তপন চৌধুরী থেকে শুরু করে একাধিক তারকা দেশের বাইরে স্থায়ী নিবাস গড়েছেন।
সর্বশেষ আমেরিকায় গেলেন মডেল-অভিনেত্রী রুমানা। রুমানা আনজাম মাসুদের সাথে প্রথম সংসারের পর দ্বিতীয় সংসার শুরু করেন সাজ্জাদ নামের এক ব্যবসায়ীর সাথে। ছোট পর্দার ইমেজ কাটিয়ে চলচ্চিত্রে নাম লেখান। সেখানেও নিজের ক্যারিয়ারের জন্য যথেষ্ঠ স্ট্রাগল করতে হয়েছে তাকে। অবশেষে এ যাত্রাতেও ইস্তফা দিয়ে দেশীয় শোবিজের পাট চুকিয়ে উড়াল দিয়েছেন আমেরিকাতেই।
সেখানে একটি ফ্যাশন হাউজের সাথে নিজের সম্পৃক্ততা গড়ে নিজের নতুন ক্যারিয়ার শুরু করছেন। একই সাথে দ্বিতীয় স্বামী সাজ্জাদের সাথেও তার দ্বিতীয় সংসারেও ইতি টেনেছেন।
শোবিজ তারকাদের এই দেশান্তরীর ঘটনা নতুন নয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া কিংবা চিত্রনায়িকা শাবানা থেকে শুরু করে তারকা জীবনের ক্রেজ পর্ব পার হলেই দ্বিতীয় জীবনটি দেশের বাইরেই নতুন ঠিকানা গড়ছেন এখন অনেকেই।