ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সুরক্ষায় ১০ সদস্যদের একটি হনুমান বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। বানরদের হামলা থেকে তাকে বাঁচাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দিনের মধ্যেই হিন্দুদের পবিত্র তীর্থস্থান মথুরা-বৃন্দাবন সফরে যাচ্ছেন। সেখানে বানররা তাকে আক্রমণ চালাতে পারে এই আশঙ্কা থেকে হনুমান বাহিনী নিয়োগ দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বানরদের দূরে রাখতে হনুমানদের পারদর্শিতা রয়েছে, এই কারণেই পাঁচ দিনের জন্য ভাড়া করা হয়েছে ঐ হনুমান বাহিনী। এক একটা হনুমানের জন্য প্রতিদিন গুনতে হবে ১০০০ রুপি।
এরই মধ্যে পুুলিশ কর্মীরা বানর তাড়াতে হনুমানের গলায় শিকল পড়িয়ে রাস্তায় ঘুরছেনও। তবে মথুরা-বৃন্দাবনের বাসিন্দারা এই ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তুষ্ট। কেননা তারা বানরের যন্ত্রণায় অতিষ্ট।
রাষ্ট্রপতির সুরক্ষায় আরো একটি উপায় বের করা হয়েছে। এতে দীর্ঘদিনের সঙ্গী বাইফোকাল চশমাটা পাল্টে পড়তে হবে কনট্যাক্ট লেন্স।
তবে রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখা দিল্লিনিবাসী এক সিনিয়র সাংবাদিক বলেছেন, কনট্যাক্ট লেন্স দিয়ে প্রণব মুখার্জির দেখা সম্ভব হবে না। কেননা তার চশমায় দূরের আর কাছের জিনিস দেখার জন্য দুটো আলাদা পাওয়ার রয়েছে। তাই চশমা ছাড়ই হয়তো তাকে মন্দির দর্শন করতে হবে।
মথুরায় গিয়ে ভারতের রাষ্ট্রপতি বিশ্বের সব থেকে উঁচু মন্দির চন্দ্রোদয় মন্দিরের গর্ভগৃহের উদ্বোধন করবেন, আর তার সঙ্গেই বাঙ্কে বিহারী মন্দির দর্শনেরও ইচ্ছা আছে তার। আর এই বাঙ্কে বিহারী মন্দিরেই রাষ্ট্রপতির ওপর বানরা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
