নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার দুপুরে ইঞ্জিনচালিত অবৈধ হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে রমিজা খাতুন (৪০) নামে এক মহিলা নিহত হয়েছেন।
উপজেলার হোগলা-গোয়াতলা সড়কের সেহলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজা খাতুন উপজেলার হোগলা ইউনিয়নের সেহলা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টার দিকে রমিজা খাতুন আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় সেহলা বাজারের একটি দোকানের বারান্দায় ইঞ্জিনচালিত টমটমের অপেক্ষায় বসে ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি হ্যান্ডট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় জনতা হ্যান্ডট্রলিসহ চালককে আটক করেছে।
