রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন। শুক্রবার দুপুরে রাজধানীর ইনিস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের এক উপদেষ্টা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে কথা বলেছেন। কিন্তু মনে রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে সবারই পরীক্ষা দেওয়ার সমান সুযোগ আছে। সুতরাং এ বিষয়ে কথা বলতে হলে আমাদের একটু সতর্ক হতে হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে কোনো ব্যক্তিবিশেষ বা বাহিনীবিশেষের ভূমিকায় আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আমরা জনসমর্থনের ওপর ভিত্তি করেই নির্বাচন করে জয়লাভ করেছি।
এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, মেধাবী শিক্ষার্থী ছাত্র রাজনীতি করে এবং দেশকে নেতৃত্ব দেয়। এদের হাতে এ দেশের ভবিষ্যত। তাই তোমরা (ছাত্রলীগের নেতাকর্মীরা) বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষাটা ভালো করে দাও যেহেতু রাজনীতি করার কারণে তোমাদের সময় কম, তাই তোমরা রাত জেগে পড়াশোনা করো।
