‌‌বালকের মতো কথা বন্ধ করুন, জয়কে ফখরুল

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৬:০৮
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে  উদ্দেশ করে বলেছেন, অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করুন। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করলে ইতিহাস অস্বীকার করা হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জয় বলেন- কিনা জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে মুছে দিতে হবে।
 জয়কে ইতিহাস পড়ে ও জেনে কথা বলার উপদেশ দিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ থেকে শহীদ জিয়াকে আলাদা করে দেখার কিছু নেই। দেশের গণতন্ত্র লড়াইয়ের প্রাণ পেয়েছে জিয়ার হাতে। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন।
সভায় সংগঠনের আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।