‘খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৭:৩১



নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে। এজন্য আমাদের উন্নয়ন কাজ তাঁর চোখে পড়ে না।’

শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন এলাকায় শীতলক্ষ্যা নদীর ৪.৪৮ কিলোমিটার তীর রক্ষায় বাধ এবং ওয়াকওয়ের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে শাহজাহাজন খান বলেন, ‘বিএনপির সময়ের চেয়ে আমরা বিগত ৬ বছরে যদি ১৬ গুণ বেশী উন্নয়ন না করে থাকি তাহলে রাজনীতি ছেড়ে দিব।’

বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মফিজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সোহরাব হোসেন শেখ, বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘কাঁচপুরের এই জায়গা দখল নিয়ে ইতোপূর্বে বহু ঘটনা ঘটেছে। এলাকার লোকজন সজাগ হলে দখলমুক্ত হতে বেশী সময় লাগবে না।’ তিনি ৫নং খেয়াঘাটটি ইজারাদার মুক্ত করে সম্পূর্ণ বিনা পয়সায় যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দেয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।