সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে বর্তমানে আওয়ামীলীগের দৃশ্যমান কোন প্রতিপক্ষ নেই।
শনিবার নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভুলের মাশুল দিতে দিতে বিএনপি আজ দিশেহারা, পথহারা পথিকের মতো অবস্থায় রয়েছে। বর্তমান বিএনপির রাজনীতি হচ্ছে নালিশ ও অভিযোগ নির্ভর। ৫ জানুয়ারির নির্বাচন ও পরবর্তী রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট এখন পর্যন্ত কোন বির্তক হয়নি।
তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ হয়েছে এবং অভিযোগ করে দেশের রাজনীতিতে কোন সমর্থন পায়নি। বিএনপির রাজনীতি আওয়ামী লীগের কাছে শিশু ছাড়া আর কিছু নয় বলে তিনি উল্লেখ করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, মোরশেদ আলম, নিজাম হাজারী, নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, আলাউদ্দিন নাসিম ও সাবেক ছাত্র নেতা লিয়াকত সিকদার।
