২০ দল দেশের জন্য বিষফোঁড়া: প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ২০:২৮
 
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশের জন্য বিষফোড়া হয়ে দঁড়িয়েছে, এতে কোন সন্দেহ নেই। এই জোটেই রয়েছে মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী, নারী ধর্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে সেভেন মাডারের সাজাপ্রাপ্ত আসামিরা। তারা দেশের শান্তি, উন্নতি ও কল্যাণ চায় না। অকারণে মিথ্যা বলা ও নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দোষ দেওয়াই তাদের চরিত্র।
যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তাদের (বিএনপি জোটের) কোন হুমকি-ধামকিতে কাজ হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের এই অগ্রগতি কেউই রুখতে পারবে না।
তিনি বলেন, দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি তা নস্যাত্ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। গত ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতেও অনেক চক্রান্ত হয়েছে। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো সক্রিয় ছিল বলে কোন ষড়যন্ত্রই কষ্টার্জিত গণতন্ত্রকে ধ্বংস করতে পারিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। যুবলীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে যে কোন আত্মত্যাগে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। 
প্রধানমন্ত্রী বিকাল ৩টা ২০ মিনিটে সমাবেশ স্থলে পৌঁছে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক দলীয় পতাক উত্তোলন করেন। ‘যুবজাগরণের ডাক’ শিরোনামে আয়োজিত এ যুব সমাবেশের সময় ২টা ঘোষিত থাকলেও বেলা ১১টার পর থেকে সারাদেশের যুবলীগ নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন এবং তার হাতে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রেস্ট ও প্রকাশনা তুলে দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি ‘জেগো উঠলো দেশ, ঘুরে দাঁড়ালো প্রজন্ম’ শীর্ষ নৃত্য ও নারীর আত্মরক্ষা কৌশল ‘তাইকান্দো’ প্রদর্শন করেন যুবলীগের নারী কর্মীরা।