জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, একমাত্র জাতীয় পার্টি শান্তি দিতে পারে। রবিবার বেলা ৪টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় পার্টির জেলা সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এরশাদ বলেন, আপনাদের (বৃহত্তর সিলেটের) ভালবাসায় আমি এগিয়ে যাবার সাহস পেয়েছি। সিলেটের মানুষ আমায় নতুন জীবন দিয়েছে। সেদিন আপনারা ৮টি আসন দিয়ে আমাকে ধন্য করেছেন।
এরশাদ বলেন, আমি ইচ্ছে করে ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলাম। আশা করেছিলাম সেদিন দেশে শান্তি ফিরে আসবে কিন্তু বাস্তবে তা না হয়ে দেশে হয়েছে বাংলা ভাইর উত্থান। পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিএনপি। ওই সময়ে আমরা নির্বাচন করতে পারিনি। আমাকেসহ আমার স্ত্রীকে জেল খাটতে হয়েছে।
এরশাদ বলেন,এই সরকারের ৮ মাসে ১৬৫ শিশু হত্যা হয়েছে ৩শ এর উপরে মানুষ গুম হয়েছে। এরশাদ লাশের রাজনীতি করে না ভালবাসার রাজনীতি করে।
জাতীয় পার্টির জেলা কমিটির আহবায়ক সৈয়দ শাহাবুদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথিতির বক্তব্য রাখেন জাপার ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা প্রমুখ।
