নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, মূল্য নির্ধারণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। মুক্তবাজার অর্থনীতিতে যারা উত্পাদক ও আমদানিকারক তারাই পণ্যের মূল্য নির্ধারণ করবেন। তবে বাজার যাতে কোনভাবেই অস্থিতিশীল না হয় সে ব্যাপারে ব্যবসায়ীদের দৃষ্টি রাখতে হবে।
রবিবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ, মূল্য পরিস্থিতি, বিপণন ও পরিবেশক সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে ব্যবসায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী ১ লিটার সয়াবিন তেল উত্পাদনে ব্যয় হয় ৮৬ টাকা, আর বিক্রি হয় ১৪০ টাকা- এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সঠিকভাবে যাচাই করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করতে হবে। কোনভাবেই অতিরিক্ত দাম নেয়া যাবে না। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারেও এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও নিম্নমুখী।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, নিত্য পণ্যের আমদানিকারক, উত্পাদক, পরিবেশক ও পাইকারি ব্যবসায়ীরা ছাড়াও খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসায়ীরা কর দেয়ার প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেন। বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ব্যবসায়ীদের তিন স্তরে কর দিতে হয়। এটা সহজ ও এক ধাপে গ্রহণের সুপারিশ করেছি। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী কথা বলবেন বলে জানান।
