‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির বৈঠকে অবৈধ ভিওআইপি বন্ধে বিটিআরসিকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জম হোসেন রতন, শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুৎফা ডালিয়া সভায় অংশগ্রহণ করেন।
সভায় আইজি ডব্লিউ এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় এবং জানানো হয় যে, বর্তমানে দেশে ২১টি আইজি ডব্লিউ প্রতিষ্ঠান আন্তর্জাতিক কল পরিচালনা করছে এবং বিটিআরসি থেকে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট অনেক কমানোর কারণে বর্তমানে গড়ে দৈনিক ৯ কোটি ৭৭ লক্ষ কল পরিচালনা হচ্ছে।
সভায় আগামী ২০১৫ সালের মধ্যে কমপক্ষে এক হাজার ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল লাইন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয় এবং এই কাজটি মনিটরিং করার জন্য কমিটি সদস্য মোয়াজ্জম হোসেন রতনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।
টেলিকম পলিসি দ্রুত নবায়ন করার সুপারিশ করেছে কমিটি।
তথ্য প্রযুক্তি বিভাগের সচিব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
