নিউজিল্যান্ড উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলীয় নর্থ আইল্যান্ড নগরী গিসবোর্ন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সমুদ্রতলদেশের ৩৫ কিলোমিটার গভীরে।
নিউজিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানায়, ভূমিকম্পে নর্থ আইল্যান্ডের নিচু ও সাউথ আইল্যান্ডের উঁচু এলাকা অনেক জোরে কেঁপে ওঠে।
সমুদ্র উপকূলের অনেক দূরে এবং সমুদ্র তলদেশের অনেক গভীরে আঘাত হানায় এতে ক্ষয়ক্ষতির তেমন কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটির একজন মুখপাত্র।
