জব্বারের বিরুদ্ধে ২৫ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৬:৫৫
 
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে ২৫ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। 
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে বিচারিক প্যানেল এ আদেশ দেয়। 
আজ প্রসিকিউশনের শেষ ও ২৪ তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হেলাল উদ্দিনকে জেরা শেষ করেছেন আসামির পক্ষে রাষ্ট্র্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।
মঠবাড়িায়র সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা জব্বারের বিরুদ্ধে গত ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ৮ জুলাই ট্রাইব্যুনালের এক আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেফতার করতে পারেনি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির হননি জব্বার। এ জন্য তাকে পলাতক ঘোষণা করা হলো। 
আইনজীবী আবুল হাসানকে মামলায় পলাতক আসামিপক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়। 
গত ১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত পাঁচটি অভিযোগ আমলে নিয়ে তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, ধর্মান্তরিতকরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ।